বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলে আগামী মৌসুমে কফির ফলন ১১ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে।
মূলত আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাগান ব্যবস্থাপনায় উন্নতির কারণে এ রেকর্ড উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। কফি ট্রেডিং একাডেমির (সিটিএ) সাম্প্রতিক এক জরিপে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স।
জরিপের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে ব্রাজিলে কফি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ১৪ লাখ ব্যাগ (প্রতি ব্যাগ ৬০ কেজি)। এর মধ্যে অ্যারাবিকা কফি উৎপাদন ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ কোটি ৭৯ লাখ ব্যাগ হতে পারে। অন্যদিকে রোবাস্তা কফি উৎপাদন ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ কোটি ৩৫ লাখ ব্যাগে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
কৃষকরা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত ফলন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এছাড়া বাজারে কফির ভালো দাম থাকায় চাষীরা সার ও অন্য কৃষি উপকরণে বিনিয়োগ বাড়িয়েছেন। আগামী জুলাইয়ে ব্রাজিলে নতুন কফি মৌসুম শুরু হতে যাচ্ছে। বড় ধরনের এ ফলন বিশ্ববাজারে কফির দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
এ জাতীয় আরো খবর..